বিমানবন্দর সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫৯ পিএম, ৫ মে,রবিবার,২০২৪ | আপডেট: ০৬:১৩ এএম, ২২ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২৬
রাজধানীর বিমানবন্দর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইসতিয়াক ইসলাম সাফিন নামে ১৮ বছর বয়সী এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন ইমাম হাসান নামে আরেক শিক্ষার্থী। দুজন বন্ধু।
শনিবার দিবাগত রাত তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, শাফিন ও ইমামের বাসা গাজীপুর টঙ্গী থানার চেরাগআলি বড় দেওড়া এলাকায়। উত্তরা কমার্স কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র ছিল সাফিন। বাবার নাম আব্দুর রশিদ।
রাতে নিজের মোটরসাইকেলে বন্ধু ইমামকে নিয়ে পূর্বাচল ৩০০ ফিট রাস্তায় ঘুরতে এসেছিলেন সাফিন। ঘোরাঘুরি শেষ করে আবার বাসায় ফিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন তারা। বিমানবন্দর গোলচত্বর এলাকায় পৌঁছলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুজনে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নিয়ে যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাফিনকে মৃত ঘোষণা করেন। আহত ইমাম চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি বিমানবন্দর থানা-পুলিশ তদন্ত করছে।




