রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সাথে গোলাগুলি, এক পুলিশ গুলিবিদ্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০১ পিএম, ২ আগস্ট,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১০:৫৫ এএম, ২২ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২৬
কক্সবাজারের টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশের সাথে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।
টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১৬ এপিবিএন পুলিশের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি হাসান বারী নূর জানান, টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের আই ব্লকের পাহাড়ি এলাকায় একদল অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থানের খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি টিম আজ মঙ্গলবার দুপুরে অভিযান চালায়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছার সাথে সাথে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে এসময় সন্ত্রাসীরা পাহাড়ের ভেতরে পালিয়ে যায়। সন্ত্রাসীদের গুলিতে এ সময় মোহাম্মদ কাওসার নামে এক কনস্টেবল গুলিবিদ্ধ হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
এপিবিএন পুলিশের অধিনায়ক আরো জানান, পাহাড়ে অবস্থানকারীরা রোহিঙ্গা ডাকাত গ্রুপের সদস্য। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তিনি।




