রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩৯ এএম, ২৭ জুলাই,
বুধবার,২০২২ | আপডেট: ১১:২২ এএম, ২২ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২৬
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকট, খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঘাটতি দেশকে ক্ষতিগ্রস্ত করছে।
আজ বুধবার (২৭ জুলাই) ডি-৮ ভুক্ত দেশগুলোর মন্ত্রীদের ২০তম সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন তিনি।
শেখ হাসিনা বলেন, যুদ্ধের প্রভাবে বাংলাদেশের মতো দেশগুলোকে সবচেয়ে বেশি ধকল সইতে হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেশিরভাগ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। সাহসিকতার সঙ্গে এই মানবিক সংকট মোকাবিলায় আমাদের সবার এগিয়ে আসা উচিত।
তিনি বলেন, কোভিড-১৯ মহামারি, সংঘাত, খাদ্য এবং জ্বালানি সংকট, জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে বিশ্ব একটি কঠিন সময় পার করছে। এই সময়ে বহুপাক্ষিক সহযোগিতা শক্তিশালী করা প্রয়োজন এবং বৈশ্বিক সংহতি আগের চেয়ে বেশি মনোযোগের দাবি রাখে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং পরবর্তীতে নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞার ফলে সারা বিশ্বে সৃষ্ট মানবিক সংকট সাহসিকতার সঙ্গে মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, কোভিড-১৯ মহামারির প্রভাবে সারা বিশ্ব যখন গভীর সংকটে তখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্বকে নতুন বিপদের দিকে ঠেলে দিয়েছে।




